পাবনায় বিচার নিষ্পত্তি মামলার আলামত ধ্বংস

পাবনায় বিচার নিষ্পত্তি মাদক মামলার আলামত ধ্বংস করা হচ্ছে

পাবনায় এই প্রথমবারের মতো বুধবার দুপুর দেড়টার দিকে জজ কোর্ট প্রাঙ্গণে মাদকসহ ৬৫৪টি মামলার আলামত ধ্বংস করা হয়েছে। বিকেল চারটার দিকে জেলা পুলিশের বিশেষ শাখা থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম ও পিপিএম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, পাবনায় এই প্রথম ৬৫৪টি মাদক মামলার আলামত হিসেবে জব্দ ২ হাজার ৯৬৭ পিস ইয়াবা, ৮২ কেজি ১শ’ ৫৮ গ্রাম এবং ৩ হাজার ২শ’ ৮০ পুরিয়া গাঁজা, ৪টি গাঁজার গাছ, ১১৮ বোতল ফেনসিডিল এবং ৫শ’ ৫০ মিলি লিটার ফেন্সিডিল, ২৫.০২ গ্রাম ও ৬৯ পুরিয়া হিরোইন, ৮ বোতল বিদেশি মদ, ১ লিটার ৭শ’ ৪০ গ্রাম জাওয়া এবং ১ হাজার ৩শ’ ৫০ লিটার চোলাই মদ ধ্বংস করা হয়।

নিষ্পত্তি মামলার জব্দ আলামত ধ্বংসের সময় পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. সালাহউদ্দিন খাঁসহ পুলিশের ঊর্ধ্বতন অফিসার, বিচারক ও ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি অধিক হারে মামলার বিচার নিষ্পত্তি হওয়ার কারণে আলমতের বৃহৎ চালান ধ্বংস করা সম্ভব হচ্ছে। দ্রুত মামলার বিচার নিষ্পত্তি হলে আলামত ধ্বংস প্রক্রিয়া ভবিষ্যতে আরও গতিশীল হবে বলে দাবী করেন তারা।