পাবনা সদরের চরকোশাখালী এলাকায় অভিযান চালিয়ে র্যাব সদস্যরা ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার রাতে র্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের একটি দল এই অভিযান চালায়।
আটক ব্যক্তিরা হলো, সদরের রামচন্দ্রপুর বাংলাবাজার এলাকার ঠাণ্ডু প্রামাণিকের ছেলে সালাউদ্দিন ওরফে ছানাই (২৫) ও দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার আব্দুল হামিদ প্রামাণিকের ছেলে শিমুল (৩১)।
র্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম জামিল আহমেদ বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সদর উপজেলার চরকোশাখালী এলাকায় মাদক দ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে। এই খবরে ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসএম জামিল আহমেদ জানান, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছে তারা দীর্ঘদিন ধরে এ এলাকাসহ বিভিন্ন এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল। ইয়াবাসহ আটক ব্যক্তিদের পাবনা সদর থানায় সোর্পদ করা হলে বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।