রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর সিঅ্যান্ডবি মোড়ে ফলক উন্মোচনের মাধ্যমে ম্যুরাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘বঙ্গবন্ধুর ম্যুরাল বাংলাদেশে অনেক আছে। কিন্তু রাজশাহীতে যে ম্যুরাল তৈরি করা হবে, এটি হবে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ ও সবচেয়ে সুন্দর। দৃষ্টিনন্দন ডিজাইন হবে। দেখে মনে হবে, এই তো বঙ্গবন্ধু; যিনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন। বঙ্গবন্ধুর ম্যুরালটি দেখে দূর থেকে মানুষের মনটা ভরে যাবে। বঙ্গবন্ধুর ঋণ শোধ হওয়ার নয়, এই কাজের মাধ্যমে আমরা তৃপ্তি পাবো। আশা করছি, আগামী বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে এইখানে শ্রদ্ধাঞ্জলি জানানোর মাধ্যমে রাজশাহীতে বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপন উৎসব শুরু হবে।’
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার নূর-উর রহমান বলেন, ‘নগরীর গুরুত্বর্পূণ সড়কের পাশে বঙ্গবন্ধুর ম্যুরালটি তৈরি করতে যাচ্ছে রাজশাহী সিটি করপোরেশন। এর পাশে দিয়ে যারা যাবেন, বিশেষ করে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ম্যুরাল দেখতে পাবেন, জাতির পিতার অবদান সম্পর্কে জানতে পারবেন এবং জানার আগ্রহ বাড়বে। এই উদ্যোগের জন্য মেয়রকে ধন্যবাদ জানাই।’
সিটি করপোরেশনের পার্ক ও বিনোদন স্পট ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, জেলা প্রশাসক হামিদুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার।