রাজশাহীর পবায় এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে তাদের গ্রেফতার করা হয় এবং বিকালে কারাগারে পাঠানো হয়। দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার পাঁচজন হলো– আসাদুল (২৫), দুখু (৩৫), বাইরুল (৩৩), সজিব (২৪) ও সাকিম (২৬)। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দুর্গাপুর গ্রামে। তারা রাজশাহীর পবা উপজেলা সীমান্ত এলাকা থেকে ভারতীয় গরু আনার কাজ করে।
পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য সাইদুর রহমান বাদল বলেন, ‘গ্রেফতার পাঁচজন পবা সীমান্ত দিয়ে ভারত থেকে গরু নিয়ে এসে বুধবার (২৫ সেপ্টেম্বর) ইউনিয়নের একজনের বাড়িতে উঠে। এদিন রাতে পাশের বাড়িতে ঢুকে ওই প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে। এরপর রাত ৩টার দিকে পাশের বাড়ি থেকে প্রতিবন্ধী মেয়েটির খালাতো ভাই কান্না শুনতে পান। তিনি ওই বাড়িতে গিয়ে ধর্ষণের বিষয়টি জানতে পারেন। কে এই কাণ্ড ঘটিয়েছে, জানতে চাইলে মেয়েটি আসাদুলকে দেখান। এসময় আসাদুলসহ পাঁচ যুবককে আটকে রেখে আমাকে খবর দেন স্থানীয়রা। আমি তখন পুলিশে খবর দেই। বৃহস্পতিবার সকালে পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।’
ওসি জানান, এ ঘটনায় পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এতে আসাদুলকে মূল অভিযুক্ত এবং অন্য চারজনকে তার সহযোগী হিসেবে আসামি করা হয়েছে। এ ছাড়া, শারীরিক পরীক্ষার জন্য ওই তরুণীকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।