বিএনপি সূত্রে জানা গেছে, মাঝিড়া এলাকায় বিএনপি কার্যালয়ে শুক্রবার বেলা ১০টার দিকে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার রাত ২টার দিকে পুলিশ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশারের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসে।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার তোতা জানান, তাদের মতবিনিময় সভাকে কেন্দ্র করে পুলিশ বৃহস্পতিবার রাত থেকেই অভিযান শুরু করে। নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখায়। এতে নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। এছাড়াও পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে নেতাকর্মীদের বের হতে বাধা দেয়।
তিনি আরও জানান, পুলিশ তাদের মতবিনিময় সভা করতে মৌখিকভাবে অনুমতি দিয়েছিল। বৃহস্পতিবার রাতে পুলিশ জানায়, মতবিনিময় সভা করার কোনও অনুমতি নেই। তিনি শুক্রবার সকালে উপজেলা দলীয় কার্যালয়ে গিয়েছিলেন। সেখান থেকে পুলিশ তাকে তাড়িয়ে দিয়েছে।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে তার বাড়িতে পুলিশ অভিযান চালায়। তিনি বাড়িতে না থাকায় তার পরিবারের লোকজনকে ভয় দেখানো হয়েছে এবং সভা না করার হুমকি দিয়ে এসেছে পুলিশ। শুক্রবার সকাল থেকেই পুলিশ দলীয় কার্যালয় ঘিরে রেখেছিল। ফলে সভাটি করতে পারেননি তারা।