দলীয় সূত্রে জানা গেছে, বিএডিসিতে বীজ সরবরাহের টেন্ডার ম্যানেজে রাজি না হওয়ায় ঠিকাদার ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালামের সঙ্গে সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলালের বিরোধ সৃষ্টি হয়। সাধারণ সম্পাদক সভা ডেকে ভারপ্রাপ্ত সভাপতি সালামকে সরিয়ে সেখানে তৃতীয় সহ-সভাপতি আলী আশরাফ চিশতীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেন। এ নিয়ে সালাম গ্রুপের সঙ্গে হেলাল গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছে। এ কারণে শনিবার (১২ অক্টোবর) সংগঠনের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান আলাদাভাবে পালন করা হয়। হেলাল সমর্থকরা বেলা ১২টার দিকে শহরে র্যালি বের করেন। এতে জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ,সোনাতলা পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নু,শ্রমিক নেতা আলী আশরাফ চিশতী,কামরুল মোর্শেদ আপেল,আনোয়ার হোসেন রানা,আব্দুল্লাহ আল মিলু প্রমুখ উপস্থিত ছিলেন। বিকালে শহরের কলোনি এলাকায় একটি মোটেলে সভাপতি আবদুস সালাম গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল দেশে না থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে শ্রমিক নেতা কামরুল মোর্শেদ আপেল জানান,সালাম মৌখিকভাবে সভাপতি ছিলেন। আর রেজুলেশনের মাধ্যমে আলী আশরাফ চিশতীকে সভাপতি করা হয়েছে। তার নেতৃত্বেই কর্মসূচি পালন করা হয়েছে।
ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম জানান,তিনি বিএডিসিতে বীজ সরবরাহ ঠিকাদার। এবার সাধারণ সম্পাদক হেলাল টেন্ডার ম্যানেজ করতে চেয়েছিলেন। আর তিনি ২-৩ লাখ টাকা দাবিও করেছিলেন। এতে রাজি না হওয়ায় অবৈধভাবে তাকে ভারপ্রাপ্ত সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাই তিনি জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের অনুমতি সাপেক্ষে আলাদাভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন।