তিন জেএমবি সদস্যের কারাদণ্ড



জেএমবির তিন সদস্যচাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্যকে ১৫ বছর করে কারাদণ্ড  দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডিতরা হলো- নীলফামারী জেলার সদর উপজেলার সুখধনডাংগা গ্রামের মুর্তজা আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৮), নওগাঁ জেলার নিয়ামতপুর থানার আলিমপুর গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে হযরত আলী (৩৩) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ্বনাথপুর গ্রামের এন্তাজ আলী ছেলে একরামূল হক (৫১)।

অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা জানান, ‘নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্যরা ২০০৮ সালের ২৫ অক্টোবর রাত দেড়টার সময় শিবগঞ্জ থানার বিশ্বনাথপুর গ্রামের একরামূল হকের বাড়িতে গোপন বৈঠক করছিল। সেখানে অভিযান চালায় শিবগঞ্জ থানা পুলিশ। তখন কয়েকজন পালিয়ে যায়। রফিকুল ইসলাম ও হযরত আলীকে আটক করা হয়।  তাদের শরীর তল্লাশি করে দলের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধিমূলক নির্দেশনাপত্রসহ কিছু বই পাওয়া যায়। এ ঘটনায় শিবগঞ্জ থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী ও সিআইডির পরির্শক রফিকুল হোসেন ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর আদালতে ১৮ জনের নামে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন।’

অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা জানান, আজ রায় ঘোষণা করা হয়। তিন আসামিকে কারাদণ্ড দেওয়া হয়। ১৫ জন বেকসুর খালাস পেয়েছেন।