গৃহবধূ হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন

01চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূ তাহেরা হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৬ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।
তাহেরা সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকার তাজিবুর রহমানের মেয়ে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, জয়রপুরহাট জেলার আক্কেলপুর উপজেলার পশ্চিম আমট্র গ্রামের বাসিন্দা ও তাহেরার সাবেক স্বামী রফিকুল ইসলাম ওরফে মোনা (৪০), চাঁপাইনাববগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা রেললাইনপাড়ার তৈমুর রহমান (৫১) ও একই এলাকার আক্কাছ আলী বেপারী (৩০)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা জানান, ২০১৫ সালের ১৮ অক্টোবর গভীর রাতে রফিকুলসহ আরও ৪/৫ জন তাহেরার বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে রাজশহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তাহেরার বাবা তাজিবুর রহমান বাদী হয়ে নবাবগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
২০১৭ সালের ৩ এপ্রিল এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খাইরুল ইসলাম আদালতে চার জনের নামে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণাদি শেষে আজ আদালত এই মামলার রায় দেন এবং অপর আসামি মিজানুরকে বেকসুর খালাস দেওয়া হয়।