জমি নিয়ে বিরোধের জের ধরে পাবনার আটঘরিয়ায় আশরাফ আলী (৪৫) নামের এক শিক্ষক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (২৩ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ হামলাকারী আফজালের স্ত্রী রিনা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম এ কথা জানান।
নিহত আশরাফ আলী ওই এলাকার আব্দুল প্রামাণিকের ছেলে। তিনি ফুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
নিহত আশরাফ আলীর ছেলে মোহাম্মদ হোসাইন বলেন, ‘প্রতিবেশী আফজাল হোসেনের সঙ্গে বাবার জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে বাড়ির পাশের মাঠে আফজালের সঙ্গে বাবার জমি নিয়ে কাটাকাটি হয়। এর এক পর্যায়ে আফজাল বাবাকে লাঠি দিয়ে বেধড়ক পেটায়। এতে ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়। থানায় খবর দিয়েছি।’
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।
খবর পেয়ে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষকেরা নিহত শিক্ষকের বাড়িতে উপস্থিত হন এবং বিক্ষোভ মিছিল করেন। এসময় তারা জড়িত আফজালের গ্রেফতারের দাবি জানান।