বগুড়া সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রাফিউল ইসলাম জানান, মোকাতলা-সোনাতলা সড়কের রেল ক্রসিংয়ের আগে পিচ ঢালাইয়ের কাজ চলছে। বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে সোনাতলা উপজেলা আওয়ামী লীগে যুগ্ম সম্পাদক এবং ড. এনামুল হক কলেজের অধ্যক্ষ আবদুল মালেক আকন্দ ও তার লোকজন ঘটনাস্থলে এসে কাজের ভুল ধরেন। তখন তাকে কাজ সম্পর্কে ধারণা দেওয়া হয়। এরপরও না বুঝলে তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে অনুরোধ করা হয়। পিচ ঢালাইয়ের কাজ বন্ধ করে দেওয়া হলেও কিছুক্ষণ পর অধ্যক্ষ মালেকের নেতৃত্বে বেশ কয়েকজন সেখানে আসেন। তারা অকথ্য ভাষায় গালিগালাজের পর তাকে শারীরিক নির্যাতন করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর রাতে সোনাতলা থানায় অধ্যক্ষ মালেকসহ ১০ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে তিনি মামলা করেছেন।
অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা ও অধ্যক্ষ আবদুল মালেক আকন্দ বলেন, ‘সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী রাফিউল ইসলাম কখনও সাইডে আসেন না। উপজেলার রেল ক্রসিং এলাকায় নিম্নমানের কাজ করছেন। এর প্রতিবাদ করলে তিনি (প্রকৌশলী) অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এরপরও তাকে কেউ মারধর করেননি।’
তিনি আরও বলেন, ‘সাত জন শিক্ষকসহ তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। এর প্রতিবাদে শনিবার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।’
সোনাতলা থানার ওসি বলেন, ‘রাত পৌনে ১০ টার দিকে মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’