শেরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, সাইদুর রহমান গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মনোহরপুর গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। তিনি গাজীপুরের টঙ্গিতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে বৃহস্পতিবার সকালে অন্য মুসল্লিদের সঙ্গে গাইবান্ধা থেকে একটি কোচে ওঠেন। কোচটি দুপুরে বগুড়ার শেরপুরের ধনকুন্ডি এলাকায় ফুড ভিলেজে পৌঁছালে দুপুরের খাবার ও নামাজের বিরতি দেওয়া হয়। সাইদুর জোহরের নামাজ আদায় করতে ঢাকা-রংপুর মহাসড়কের পূর্ব পাশের মসজিদে যান। নামাজ শেষে কোচে উঠতে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের দিতে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে শেরপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।