ট্রাকচালকের ছেলের প্রাণ গেল ট্রাকচাপায়

ঘাতক ট্রাকবালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মনির চন্দ্র সরকার (১০) নামে তৃতীয় শ্রেণির স্কুলছাত্র নিহত হয়েছে। মনির বগুড়া সদরের নামুজা নাথপাড়ার ট্রাকচালক নিত্য চন্দ্র সরকারের ছেলে। এ ঘটনায় মনিরের আত্মীয় পলাশ চন্দ্র (২১) আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বগুড়ায় সদর উপজেলার বগুড়া-নামুজা সড়কের নাথপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ট্রাকটি জব্দ করলেও চালক শিপন ও হেলপার পালিয়ে গেছে। সদর থানার এসআই রেজাউল এ তথ্য জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে শিশুটি স্কুলে যাচ্ছিল। নাথপাড়া মোড়ে রাস্তা পার হওয়ার জন্য মনির ও পলাশ রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় বেপরোয়া গতিতে আসা বালুবোঝাই ট্রাকের (সিলেট-ড-১১-০৯৭৩) চালক শিপন মোড় ঘুরতে গিয়ে গাড়িটি মাটির রাস্তায় নামিয়ে দেন। ট্রাকের ধাক্কায় মনির ও পলাশ ছিটকে পড়ে। এরপর ট্রাকটি মনিরকে পিষ্ট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা ট্রাকটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। পলাশকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই বলেন, লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।