গ্রেফতারকৃতরা হলো- বেলপুকুর থানার ভরুয়াপাড়া এলাকার আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩৫), কাজিরপাড়া এলাকার ইনতাজ আলী (২৯), বরিশাল নগরীর এয়ারপোর্ট থানার বাদলা এলাকার মমিনুর রহমান ওরফে নিরব (২২) ও নরসিংদী জেলার শিবপুর থানার তেলিকান্দা গ্রামের ইয়াছিন মিয়া (১৯)। এরা গত বছরের ৩০ জুন দায়ের করা একটি নাশকতা মামলার পলাতক আসামি।
রবিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে র্যাব ৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আরএমপির কাটাখালী থানার কাপাশিয়া এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় বেলপুকুর থানার মামলার পলাতক আসামি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য আরিফ ও ইনতাজ আলীকে গ্রেফতার করা হয়।
অপরদিকে কাটাখালী থানার আশরাফের মোড় এলাকায়ও অভিযান চালানো হয়। এ সময় আনসার আল ইসলামের সক্রিয় সদস্য মমিনুর রহমান ও ইয়াছিন মিয়াকে গ্রেফতার করা হয়। উভয় অভিযানে তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।