প্রকাশ্যে ঘোরাফেরা করায় দুই প্রবাসীর জরিমানা

হোম কোয়ারেন্টিন মানার বিষয়ে একজনের সঙ্গে কথা বলছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটজয়পুরহাটে হোম কোয়ারেন্টিনে না থাকায় ব্রুনাইফেরত দুই প্রবাসীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২২ মার্চ) রাতে সদর উপজেলার চণ্ডিপুর গ্রামে প্রকাশ্যে ঘোরাফেরা করায় তাদের সাত হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ও সহকারী কমিশনার মোনাববর হোসেন এ জরিমানা করেন।

মোনাববর হোসেন জানান, পাঁচ দিন আগে সদর উপজেলার ভাদসা ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে ব্রুনাই থেকে ফিরেন সবুজ আলী ও সাহেব আলী। তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়। তবে তারা তা অমান্য করে আত্মীয়-স্বজনদের বাসায় ঘুরে বেড়ান। এ কারণে সবুজ আলীর পাঁচ হাজার এবং সাহেব আলীর দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এই দুজনকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। হোম কোয়ারেন্টিন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।