খাদ্যবান্ধব কর্মসূচির ১০২ বস্তা চাল জব্দ, গ্রেফতার ১

বগুড়াবগুড়ার শিবগঞ্জে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচির ১০২ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোস্তাফিজুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শিবগঞ্জ থানা পুলিশ শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের গণকপাড়া গ্রামের একটি বাড়ি থেকে চালগুলো উদ্ধার করে। এ ব্যাপারে সন্ধ্যায় পুলিশ বাদী হয়ে দুজনের বিরুদ্ধে থানায় মামলা করেছে।

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, খাদ্যবান্ধব কর্মসূচির (১০ কেজির) চাল ডিলারের কাছে কালোবাজারে সংগ্রহ করে বিক্রির জন্য বাড়িতে মজুত হচ্ছে, শনিবারদুপুরে এমন খবর  পেয়ে উপজেলার গণকপাড়া গ্রামের ঠান্ডা মিয়ার ছেলে মোস্তাফিজুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়িতে ১০২ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে মোস্তাফিজুর জানান, চালগুলো তার চাচাতো ভাই একই গ্রামের আবদুল মান্নানের ছেলে সাইফুল ইসলাম সাজুর। সাজু স্থানীয় ডিলারের কাছ থেকে চালগুলো কিনে এনে তার বাড়িতে রেখেছে। তাৎক্ষণিকভাবে চালগুলো জব্দ এবং মজুদ রাখার অপরাধে মোস্তাফিজুরকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে শিবগঞ্জ থানায় মোস্তাফিজুর ও সাইফুলর বিরুদ্ধে মামলা করেছে। সাজুকে গ্রেফতারে অভিযান চলছে।