রাজশাহীতে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি ওই যুবককে করোনা ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। রামেক হাসপাতালের করোনা নির্ণয় ও চিকিৎসক টিমের প্রধান ডা. আজিজুল হক আজাদ বিষয়টি নিশ্চিত করেন। ওই যুবক (১৯) নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামের বাসিন্দা। সে মাধনগর ডিগ্রি কলেজের এইচএসসি এর ছাত্র ছিল।
ডা. আজিজুল হক আজাদ বলেন, 'করোনা উপসর্গ থাকায় ওই যুবককে সংক্রমক ব্যাধি হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। এছাড়াও তার শরীরে পক্স ছিল। করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের আগেই সে মারা যায়। তবে সকালে তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে তার লাশ দাফন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।'
হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্বর-সর্দি ও শ্বাসকষ্টে নিয়ে ওই যুবক শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১টার দিকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আসে। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক করোনা সন্দেহে তাকে তাৎক্ষণিকভাবে করোনা ওয়ার্ডে পাঠায়।