মাটির ব্যাংকে জমানো ১৩ হাজার টাকা করোনা তহবিলে দিলো স্কুলছাত্রী

1

মানবতার ডাকে সাড়া দিয়ে নিজের মাটির ব্যাংকে জমানো ১৩ হাজার টাকা করোনা তহবিলে দান করেছে এক স্কুলছাত্রী। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হকের হাতে জমানো টাকা তুলে দেন অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী শ্রাবন্তী চৌধুরী। এ সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টার জন্য জেলা প্রশাসক হামিদুল হক তাকে ধন্যবাদ জানান।
নিজের ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে জেলা প্রশাসক লিখেছেন, ‘ধন্যবাদ শ্রাবন্তী, তোমার এ সহায়তা কোনও ক্ষুধার্ত মানুষের সহায়তায় কাজে লাগবে। তোমাকে দেখে মানবতার সেবায় আরও অনেকে উদ্বুদ্ধ হবেন।’
শ্রাবন্তী চৌধুরী (১৪) জানায়, টিভিতে খবর সে দেখেছে অসহায় মানুষের জন্য ত্রাণ তহবিলে অনেকেই অর্থ সহযোগিতা করছেন। তা দেখে সে নিজেও তার মাটির ব্যাংকটি ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
শ্রাবন্তীর বাবা রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী। তিনি বলেন, তার মেয়ে যখন মাটির ব্যাংকটি ত্রাণ তহবিলে জমা দেওয়ার আগ্রহের কথা জানায় তখন তিনি উৎসাহ দেন। করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিজের মেয়ের এমন আগ্রহ দেখে তিনি অভিভূত।