নওগাঁয় দ্বিতীয় করোনা রোগী শনাক্ত

করোনাভাইরাসনওগাঁর সাপাহারে ঢাকা ফেরত এক পল্লি চিকিৎসক (৪১)  করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলার গোয়ালা ইউনিয়নের কমাশপুর গ্রামের এই বাসিন্দা জেলায় করোনায় আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯টায় নওগাঁ সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করেছেন। 

এলাকাবাসী জানান, গত শনিবার (২৫ এপ্রিল) ঢাকা থেকে তিনি গ্রামে আসেন। তার করোনা আক্রান্তের খবর ছড়িয়ে পড়ায় উপজেলার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সাপাহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন বলেন, 'ওই ব্যক্তি ঢাকা থেকে বাড়ি আসার পর তার শরীরে জ্বর ছিল। ওই দিন রাত থেকেই তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। পরদিন ২৬ এপ্রিল তিনিসহ চার জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার তার রিপোর্ট পজিটিভ আসে। বাকি তিন জনের রিপোর্ট এখনও হাতে পাইনি।'

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী বলেন, 'ওই ব্যক্তি একজন পল্লি চিকিৎসক। তিনি কয়েকদিন আগে অপর একজনের চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছিলেন। সেখান থেকে গ্রামের বাড়িতে আসেন। এরপর তার নমুনা সংগ্রহ করা হয়।'

সিভিল সার্জন বলেন, 'জেলা থেকে ২৯ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে ওই ব্যক্তির রিপোর্ট পজিটিভ ধরা পড়ে। ঘটনার পর থেকে ওই ব্যক্তির বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।’

এর আগে ২৩ এপ্রিল নওগাঁর রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্সের দেহে প্রথম করোনা শনাক্ত হয়।