পাবনায় দু’জন স্টাফ নার্স করোনায় আক্রান্ত

 

করোনাভাইরাসপাবনা জেনারেল হাসপাতালের দু’জন স্টাফ নার্স এবার করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানান।

পাবনার ডেপুটি সিভিল সার্জন ডা. কে এম আবু জাফর জানান, আক্রান্ত দু’জনের মধ্যে একজনের বয়স ২৯ ও অপরজনের বয়স ৫২ বছর। করোনা পজিটিভ রিপোর্ট আসার পর তাদের দু’জনকেই হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। 

এ নিয়ে পাবনায় ১৩ জন করোনায় আক্রান্ত হলেন। এর আগে পাবনা সদর উপজেলায় ৩ জন, চাটমোহর উপজেলায় ৩ জন, ভাঙ্গুড়া উপজেলায় ২ জন, সাঁথিয়া উপজেলায় একজন, সুজানগর উপজেলায় একজন ও ফরিদপুর উপজেলায় একজন করোনা আক্রান্ত হয়। আর ১৩ জনের মধ্যে চাটমোহর উপজেলার একজন সুস্থ হয়েছেন।