বৃহস্পতিবার (৭ মে) রাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল। এ নিয়ে বগুড়ায় আইসোলেশনে ছয় জনের মৃত্যু হলো। তবে আগের পাঁচ জনের নমুনার রিপোর্টে করোনা নেগেটিভ পাওয়া গেছে।
আইসোলেশন ইউনিট সূত্র জানায়, ওই ব্যক্তি বগুড়ার সোনাতলা উপজেলার চমরগাছা ছয়ঘরিয়াপাড়ার বাসিন্দা। তিনি সর্দি, জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি বা তার পরিবারের কেউ ঢাকা বা অন্য জেলায় যাতায়াত করেননি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি জ্বর, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানা নিয়ে হাসপাতালে ভর্তি হন। রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। রাতেই বিশেষ ব্যবস্থায় জানাজা শেষে তার মরদেহ বাড়িতে পাঠানো হয়। এর আগে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়।
সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর আলম জানান, নিয়ম মেনে ওই ব্যক্তির মরদেহ দাফন করা হয়েছে। মৃত ব্যক্তির স্ত্রী ও ছেলে-মেয়েকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন করা হয়েছে। তাদের নমুনা বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল পিসিআর ল্যাবে পাঠানো হবে। সেখান থেকে পাওয়া রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।