জয়পুরহাটে স্বাস্থ্যবিধি না মানায় শুক্রবার (১৫ মে) থেকে জেলার সব শপিং মল, মার্কেট ও বিপণি বিতান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতাদের সঙ্গে জরুরি সভা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জরুরি সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার সালাম কবির, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক আনুসহ অন্যরা।
সভায় বক্তারা বলেন, জেলায় লকডাউনের মধ্যেও মানবিক বিবেচনায় সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি মেনে আধাবেলা শপিং মল ও বিপণি বিতানগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। কিন্তু স্বাস্থ্যবিধির কোনও তোয়াক্কা না করে ক্রেতা-বিক্রেতা বেচাকেনা করছেন যে যার ইচ্ছেমতো। এতে জেলায় করোনা ঝুঁকি বাড়ছে।এ অবস্থায় ব্যবসায়ী নেতাদের সম্মতিতে শুক্রবার থেকে জেলার সব শপিং মল,মার্কেট ও বিপণি বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রশাসন।
সভায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারাসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।