ইসলামী ব্যাংকের চার কর্মকর্তা করোনায় আক্রান্ত, ২টি শাখা লকডাউন

ইসলামী ব্যাংকের কাহালু উপজেলা শাখাইসলামী ব্যাংক লিমিটেড, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা শাখার তিন জন এবং কাহালু উপজেলা শাখার একজন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় শাখা দু'টির সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া (লকডাউন) হয়েছে। বুধবার (১০ জুন) দুই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এই নির্দেশ দেন।

ব্যাংকটির দুপচাঁচিয়া উপজেলা শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ফরিদুর রহমান জানান, তার শাখার তিন জন কর্মকর্তার করোনা উপসর্গ দেখা দেয়। পরে তাদের নমুনা সংগ্রহ করে টিএমএসএস রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে তাদের রিপোর্টে করোনা পজিটিভ আসায় বুধবার ইউএনও শাখার কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

দুপচাঁচিয়া ইউএনও ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি এসএস জাকির হোসেন জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যাংকের এই শাখার কার্যক্রম বন্ধ থাকবে।'

অন্যদিকে, ব্যাংকটির কাহালু উপজেলা শাখার ক্যাশিয়ার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে ইউএনও মাছুদুর রহমান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বুধবার থেকে ওই শাখার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান আকরামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।