বগুড়ায় রবিবার (২১ জুন) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৪ নারী ও দুটি শিশুসহ আরও ১০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গত ৮২ দিনে এ জেলায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন মোট দুই হাজার ৮৫ জন। ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, শনিবার (২০ জুন) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫২ জন পজিটিভ শনাক্ত হন। এছাড়া, টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের পিসিআর ল্যাবে ১৫১ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০০ জনের মধ্যে ২৪ জন নারী ও দুটি শিশু রয়েছে।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৮৯ জন, শাজাহানপুরের চার জন, গাবতলীর দুই জন, কাহালুর দুই জন, ধুনট, সারিয়াকান্দি ও শেরপুর উপজেলার একজন করে পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে বগুড়া জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৮৫ জনে। এছাড়া, ২৪ ঘণ্টায় ১৮ জনসহ গত ৮২ দিনে মোট সুস্থ হয়েছেন ২১৫ জন। এপর্যন্ত মারা গেছেন ৩১ জন। আইসোলেশন ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৮৩৯ জন।
সূত্র আরও জানায়, রবিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এপর্যন্ত মোট নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৩০৮ জনের। রিপোর্ট পাওয়া গেছে ১২ হাজার ২৩ জনের। ল্যাবরেটরিতে দুই হাজার ১৫ জনের নমুনা জমা রয়েছে।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, শনিবার পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত ছিল এক হাজার ৯৮৫ জন। নতুন করে ১০০ জন আক্রান্ত হওয়ায় রবিবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৮৫ জনে।