শাহজাহান আলী তালুকদার বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী গ্রামের মরহুম আবদুল কুদ্দুস তালুকদারের ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারের সদস্যরা জানান, করোনার উপসর্গ দেখা দিলে গত ২০ জুন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে তিনি নমুনা দেন। ২১ জুন তার করোনা শনাক্ত হয়। পরদিন তাকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে রবিবার বেলা সাড়ে ১০টার দিকে হার্ট অ্যাটাক হলে মারা যান তিনি।
জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আবদুস সালাম বাবু জানান, মুক্তিযোদ্ধা ড. শাহজাহান আলী তালুকদার ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি জাতীয় আইনজীবী ফেডারেশনের সাবেক সভাপতি ছিলেন।
রবিবার বিকালে তার ছেলে মাহির শাদ জানান, তারা মরহুমের মরদেহ নিয়ে ঢাকা থেকে বগুড়ার দিকে রওনা হয়েছেন। রাতেই শহরের ঠনঠনিয়া এলাকায় ভাইপাগলা মাজার গোরস্থানে তাকে দাফন করা হবে।