বগুড়ায় একদিনে আরও ৪৫ জনের করোনা শনাক্ত

বগুড়াবগুড়ায় বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১০ নারী ও এক শিশুসহ ৪৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে সুস্থ হয়েছেন ৭১ জন। গত ১ এপ্রিলের পর থেকে এ পর্যন্ত জেলায় মোট তিন হাজার ৯২৩ জন করোনা পজিটিভ হলেন। ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এছাড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের পিসিআর ল্যাবে ৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে ২৫ জনের করোনা শনাক্ত হয়। দুটি ল্যাবের রিপোর্টে আক্রান্ত হয়েছেন ৪৫ জন। এর মধ্যে বগুড়া সদরে ৩৮ জন, কাহালুতে দুজন, শাজাহানপুর, শেরপুর, গাবতলী, আদমদীঘি ও দুপচাঁচিয়ায় একজন করে রয়েছেন। এ নিয়ে গত ১০৭ দিনে জেলার বিভিন্ন স্থানে তিন হাজার ৯২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

সূত্রটি আরও জানায়, জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দুই হাজার ১৫ জন এবং মারা গেছেন ৭৩ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৮৩৫ জন।