এদিকে শুক্রবারও গাদাগাদিভাবে বাস-ট্রাকে করে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরেছেন উত্তরাঞ্চলের মানুষ। বৃহস্পতিবার থেকে যানবাহনের চাপ বাড়লেও হাটিকুমরুল মোড় দিয়ে শুক্রবারও নির্বিঘ্নে ও নিরাপদে উত্তরাঞ্চলের দিকে মানুষজন চলাচল করতে পেরেছেন।
বগুড়া থেকে হাটিকুমরুল মোড়ে এসে গত তিন দিন অবস্থান করে হাইওয়ে পুলিশের মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কার্যক্রম ও পর্যবেক্ষণ করায় এবার যানজট নেই। পাশাপাশি কোরবানির পশুবাহী ট্রাকেও কোনও চাঁদাবাজির ঘটনা ঘটেনি সিরাজগঞ্জ ও বগুড়ার মহাসড়কে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)-এর টোল আদায় ব্যবস্থাপনার ইনচার্জ ও নির্বাহী প্রকৌশলী আহসান নাসির বাপ্পি শুক্রবার বিকালে বলেন, গত বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ৪৮ হাজার ৩২১টি যানবাহন পারাপার হওয়ায় দুই কোটি ৮৪ লাখ টাকার রাজস্ব আয় হয়েছে। যা সেতু নির্মাণ হওয়ার পর সর্বাধিক।
সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, করোনার মধ্যেও গাদাগাদি করে ঈদে বাড়ি ফেরার বিষয়টি গভীর উদ্বেগের। এমনিতেই রোগীর সংখ্যা কমছে না। ঈদের পর করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।