করোনায় মারা গেলো সাড়ে চার বছরের মাহাদী


করোনাভাইরাস


করোনায় আক্রান্ত হয়ে মাহাদী নামে সাড়ে চার বছরের একটি শিশু মারা গেছে। রবিবার (১৬ আগস্ট) রাতে শিশুটি বগুড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে মারা যায়। 

মাহাদী শহরের দক্ষিণ ঠনঠনিয়া এলাকার বাসিন্দা ও নুনগোলা ডিগ্রি কলেজের প্রভাষক আবদুল ওহাবের ছেলে। ব্লাড ক্যান্সারে মাহাদী ঢাকায় চিকিৎসাধীন ছিল। ১৪ আগস্ট নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। অবস্থার অবনতি হলে রবিবার রাত সাড়ে ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত পৌনে ১টার দিকে মাহাদী মারা যায়।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. ফারজানুল ইসলাম নির্ঝর জানান, সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ নারী ও তিন শিশুসহ ৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৮৩২ জন। সুস্থ হয়েছেন চার হাজার ৫৯৬ জন এবং মারা গেছেন ১৩৩ জন।