সংগঠনের জেলা সভাপতি ধনঞ্জয় বর্মণের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি শ্যামল বর্মন, জেলা দফতর সম্পাদক বিকাশ রায়, অর্থ-সম্পাদক নিয়তি সরকার ও স্কুল সম্পাদক আয়শা আক্তার রিতু।
সমাবেশে বক্তারা বলেন, বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। আমরা অনতিবিলম্বে অভিযুক্ত শিক্ষকদের তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। এছাড়া তদন্ত প্রশ্নবিদ্ধ না করতে কমিটি থেকে অধ্যক্ষকে প্রত্যাহার দাবি করছি।
গত ২৬ আগস্ট কলেজের সাবেক এক ছাত্রী যৌন নির্যাতনের অভিযোগ করেন। অধ্যক্ষ প্রতিষ্ঠানের সুনামের কথা বলে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে অভিযুক্ত শিক্ষকরা ওই ছাত্রী ও তার পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়।
এ ঘটনায় জনমনে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হলে প্রতিষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক জিয়াউল হক অভিযুক্ত দুই প্রভাষককে সাময়িক বরখাস্ত করেন। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সদস্য করা হয়েছে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান ও বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহা. মোস্তাফিজুর রহমানকে। তবে ওই ঘটনায় প্রশ্রয়দাতা ও ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে অভিযুক্ত অধ্যক্ষকে তদন্ত কমিটিতে রাখায় অভিভাবকদের মাঝে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে বলে মানববন্ধন থেকে দাবি করা হয়। একইসঙ্গে তদন্ত কমিটি থেকে অধ্যক্ষকে সরিয়ে দিতে অনুরোধ জানানো হয়।