খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি চার দফা বন্যার পানির তোড়ে বগুড়ার সোনাতলা উপজেলার পাঁচটি গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন স্থানে অবস্থিত চারটি সেতুর সংযোগ সড়ক থেকে মাটি সরে যায়। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ৪-৫ কিলোমিটার পথ অতিক্রম করে গন্তব্যে যেতে হওয়ায় যানবাহন ও পথচারীদের দুর্ভোগ বেড়েছে। এতে একদিকে সময়, অন্যদিকে অর্থের অপচয় হচ্ছে। সেতুগুলো হলো, সুজাইতপুর-সমজাতাইড় সড়কের গোবরচাপা সেতু, মহিচরণ-লোহাগাড়া সড়কের সটকের যান সেতু, ঠাকুরপাড়া-চরপাড়া সড়কের বুড়ামেলা সেতু এবং উত্তর বয়ড়া-দক্ষিণ বয়ড়া সড়কের সুখদহ নদীর উপর সেতু।
স্থানীয় বাসিন্দা মোসাদ্দেক হোসেন, কামাল উদ্দিন, ফকির মিয়া, লুৎফর রহমান, গণি সরকার প্রমুখ জানান, সেতুগুলোর সংযোগ সড়কে মাটি না থাকায় বিষয়টি উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরানকে বারবার অবহিত করা হলেও কাজ শুরু হয়নি। এতে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা তাদের নিত্য দিনের কাজ সময় মতো করতে ব্যর্থ হচ্ছেন।
সোনাতলা উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান জানান, এলজিইডির আওতাধীন তিনটি সেতুর সংযোগ সড়কের মাটি সরে যাওয়ায় সাময়িক যান চলাচল বন্ধ রয়েছে। ইতিমধ্যেই ওইসব স্থান পরিদর্শন করে অর্থ বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। অনুমোদন এলেই কাজ শুরু করা হবে।