বগুড়ায় আগ্নেয়াস্ত্রসহ ডাকাত সর্দার গ্রেফতার






ডাকাত সর্দার লুৎফর শেখ ওরফে এসি লুৎফরবগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর বিভিন্ন দুর্গম চরের ত্রাস, ডাকাত সর্দার লুৎফর শেখ ওরফে এসি লুৎফর (৪৭) অবশেষে ধরা পড়েছে। বগুড়া ডিবি পুলিশ সোমবার (২৮ ডিসেম্বর) রাতে তাকে চালুয়াবাড়ির দুর্গম চর থেকে গ্রেফতার করে। তার কাছে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া গেছে।

ডাকাত লুৎফর দীর্ঘদিন প্রশাসনকে ফাঁকি দিয়ে এসি লাগানো, টেলিভিশন, ফ্রিজসহ বিভিন্ন আসবাসপত্র সজ্জিত নৌকা নিয়ে চরাঞ্চলে চলাফেরা এবং হত্যা, নৌ ডাকাতি, চরের বাথান থেকে গরু লুট, চর দখল, মাদক ব্যবসা, জুয়ার আসর পরিচালনাসহ বিভিন্ন অপরাধ করে আসছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে তাকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে বিচারক ওমর ফারুক সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আবদুর রাজ্জাক ও এসআই মজিবর রহমান জানান, ডাকাত লুৎফর শেখ ওরফে এসি লুৎফর সারিয়াকান্দির চর চালুয়াবাড়ি ইউনিয়নের কাকাইলহাতা সুজালেরপাড়ার মুছা শেখের ছেলে। বগুড়ার সোনাতলা, গাইবান্ধার সাঘাটা, জামালপুরের মাদারগঞ্জ ও ইসলামপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় তার বাড়ি হলেও তিনি নৌকায় বসবাস করতেন। প্রায় দুই যুগ ধরে তিনি প্রশাসনকে ফাঁকি দিয়ে এয়ারকন্ডিশন লাগানো, ফ্রিজ, টিভিসহ বিভিন্ন আধুনিক আসবাবপত্র সজ্জিত নৌকায় চলাফেরা করতেন। এ সময় তিনি আন্তঃজেলা ডাকাত দল তৈরি করেন। এরা যমুনা নদীর দুর্গম এলাকায় চলাচলকারী যাত্রীবাহী নৌকায় ডাকাতি, বাথানে হানা দিয়ে গরু-মহিষ লুট, চর দখল, হত্যা, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ করে থাকে। তার বিরুদ্ধে রংপুর, জয়পুরহাট, গাইবান্ধা, জামালপুর এবং বগুড়া জেলার বিভিন্ন স্থানে চারটি খুনসহ ডাকাতি, তিনটি ডাকাতির প্রস্তুতি, একটি দস্যুতা, দুটি অস্ত্র, দুটি চুরি, দুটি মাদক এবং অন্য একটিসহ মোট ১৫টি মামলার ওয়ারেন্ট রয়েছে।


বগুড়া ডিবি পুলিশ গোপনে খবর পেয়ে সোমবার রাত ১টার দিকে সারিয়াকান্দির যমুনা নদীর দুর্গম চর চালুয়াবাড়ি থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার লুৎফর শেখকে গ্রেফতার করে। তার কাছে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া গেছে।

পুলিশ কর্মকর্তারা জানান, লুৎফরের কাছে আরও তথ্য পেতে মঙ্গলবার দুপুরে তাকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত শুনানি শেষে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ডিবির এসআই মজিবর রহমান জানান, লুৎফর ডাকাতের বিলাস বহুল নৌকাটি সম্প্রতি জামালপুর পুলিশ জব্দ করেছে। তার বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।