বগুড়ায় বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৮

বগুড়ায় বিষাক্ত মদপানে রমজান আলী (৬৫) নামে আরও এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  তিনি শহরের পুরান বগুড়া জিলাদারপাড়ার মৃত রোস্তম আলীর ছেলে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) তার মৃত্যু হয়। এ নিয়ে পুলিশ ও হাসপাতালের তথ্য অনুযায়ী বগুড়ায় বিষয়াক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৮ হয়েছে। তবে স্থানীয়দের দাবি, এই সংখ্যা অন্তত ১১ জন।

রমজান আলীর ছেলে রুবেল খান জানান, তার বাবা কুলি শ্রমিক ছিলেন। তিনমাথা এলাকার একটি দোকান থেকে অ্যালকোহল কিনে পান করেছিলেন।

সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, বিষাক্ত মদপান করে মঙ্গলবার পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। মৃতদেহগুলোর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বগুড়া সদর থানা সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি রাতে পুরান বগুড়া, ভবের বাজার, কালিতলা, ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকায় আলাদাভাবে বিষাক্ত অ্যালকোহল পান করেন বেশ কয়েজন। এর মধ্যে মঙ্গলবার রাত পর্যন্ত আটজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এছাড়াও  অসুস্থ হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শিববাটি এলাকার হোটেল শ্রমিক রঞ্জু মিয়া (৪০), ফুলবাড়ী এলাকার বিদ্যুতের মিস্ত্রি আইয়ুব আলী (৩৯) ও একই এলাকার পায়েল (৩৮)।

তবে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা নিয়ে বিতর্কও আছে। স্থানীয়দের দাবি, এ ঘটনায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে মৃতের সংখ্যা হয় ১১ জন। তবে ওই তিনজনের পরিবার তাদের স্বজনদের মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়ে হয়েছে বলে দাবি করেছেন।