মোটরসাইকেলকে ট্রাক্টরের চাপা: স্ত্রী নিহত, স্বামী ও কন্যা হাসপাতালে

নওগাঁর মান্দায় ট্রাক্টরের চাপায় রেহেনা বেগম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় তার স্বামী  ও মেয়ে গুরুতর আহত হয়েছেন।

তাদের বাড়ি জেলার নিয়ামতপুর উপজেলার দারাজপুর গ্রামে। নিহত রেহেনা বেগমের স্বামী সইবর আলী ও মেয়ে শাকিলাকে (১১) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে জেলার মান্দা উপজেলার মান্দা- নিয়ামতপুর আঞ্চলিক সড়কের গোয়ালপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ট্রাক্টর চালককে আটক করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।