‘অনুমোদনহীন’ কয়েল কারখানায় আগুন, শ্রমিকের মৃত্যু

বগুড়ায় কয়েল তৈরির কারখানায় আগুনে পুড়ে বেলাল হোসেন (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ মার্চ) সকালে সদর উপজেলার শিকারপুরের নেংরাবাজার এলাকার ‘সুপার মসকুইটো কয়েল’ কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল হামিদ এসব তথ্য জানান।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিকারপুর নেংরাবাজার এলাকায় শাহিনুর ইসলাম নামে এক ব্যবসায়ী তার বিড়ি/সিগারেট কারখানার ভেতরে অনুমোদন ছাড়াই ‘সুপার মসকুইটো কয়েল’ কারখানা গড়ে তোলেন। কয়েল কারখানার শ্রমিক সিরাজগঞ্জের শাহজাদপুরের মজিবর রহমানের ছেলে বেলাল হোসেন রাতে কারখানাতে ঘুমাতেন। শনিবার সকাল ৬টার দিকে এলাকাবাসী কারখানার ভেতর থেকে কালোধোঁয়া বের হতে দেখেন। তখন তারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছান।

কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে করছে ফায়ার সার্ভিসফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশিদ জানান, দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে কারখানার মধ্যে আগুনে পুড়ে মারা যাওয়া শ্রমিক বেলাল হোসেনের মরদেহ উদ্ধার করে বগুড়া সদর থানা পুলিশে হস্তান্তর করেন তারা।

তিনি জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক গোলযোগে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুনে কারখানার ২-৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের ব্যাপারে মালিক পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, আগুনে পুড়ে মারা যাওয়া শ্রমিক বেলাল হোসেনের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।