রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামের বিলের একটি আলুক্ষেতে প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে যান্ত্রিক ক্রুটির কারণে বাংলাদেশ ফ্লাইং অ্যাকাডেমির এসটিএজিজি প্রশিক্ষণ বিমানটি জরুরি অবতরণের সময় আছড়ে পড়ে।
রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক দিলারা খাতুন জানান, বাংলাদেশ ফ্লাইং অ্যাকাডেমির একটি প্রশিক্ষণ বিমান রাজশাহীর আকাশে উড়ছিল। এ সময় তানোর উপজেলার লালপুর এলাকায় হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রশিক্ষণ বিমানটি জমিতে আছড়ে পড়ে। এতে বিমানটি উল্টে যায়।
তিনি আরও বলেন, প্রশিক্ষণ বিমানে থাকা পাইলট ও প্রশিক্ষণার্থী সামান্য আহত হয়েছেন, তবে তারা আশঙ্কামুক্ত। তারা নিরাপদে বিমান থেকে বের হয়েছেন। দুর্ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ ফ্লাইং একাডেমির সেসনা-১৫২ মডেলের প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নরত অবস্থায় ইঞ্জিন ফেইলরের কারণে রাজশাহীর লালপুর উপজেলার (থানা- তানোর) দেবিপুর গ্রামে ইমারজেন্সি ল্যান্ডিং করে। প্রশিক্ষণ বিমানের পাইলট কর্নেল (অব.) মাহফুজ ও প্রশিক্ষণার্থী পাইলট মো. নাহিদ সুস্থ আছেন।
রাজশাহীর সহকারী পুলিশ সুপার (তানোর-গোদাগাড়ী সার্কেল) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে দমকল কর্মী ও পুলিশ গিয়ে উদ্ধার অভিযান চালায়। তিনি আরও বলেন, বিমানটি উল্টে গিয়ে দুই জন পাইলট সামান্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন আশঙ্কামুক্ত।
বাংলাদেশ ফ্লাইং ক্লাবের রাজশাহীর প্রশিক্ষক ক্যাপ্টেন মাহফুজুর রহমান বিমানে ছিলেন। তার সঙ্গে ছিলেন ক্যাডেট নাহিদ এরশাদ।
এর আগে, গত ৯ জানুয়ারি রাজশাহী বিমানবন্দরেই ল্যান্ড করার সময় বাংলাদেশ ফ্লাইং ক্লাবের একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে। বিমানটির চাকা ভেঙে পড়ে। তবে কেউ হতাহত হননি। ২০১৫ সালেও এই সংস্থার একটি বিমান রাজশাহীর বিমানবন্দরে আছড়ে পড়ে। এতে নারী প্রশিক্ষণার্থী নিহত হন।