রাজশাহীতে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে লুৎফর রহমান (২৭) নামে এক চিকিৎসক আত্মহত্যা করেছেন বলে নঅভিযোগ পাওয়া গেছে। সোমবার (২২ মার্চ) ভোর সাড়ে চারটার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মরদেহ রামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. লুৎফর রহমান জেলার দুর্গাপুর উপজেলার ভবানিপুর এলাকার বাসিন্দা। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজের এমবিবিএস ৫৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজে হেপাটোলজি বিষয়ে এমডি করছিলেন।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রুহুল আমিন বলেন, ভোর ৪টার দিকে ডা. লুৎফর রহমানকে অচেতন অবস্থায় গ্রামের বাড়ি থেকে রামেক হাসপাতালে আনা হয়। ওই সময় অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে অসুস্থ হয়ে পড়ার তথ্য পুলিশকে জানান স্বজনরা। জরুরি বিভাগ থেকে দ্রুত তাকে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে ডা. লুৎফর রহমান মারা যান। পরে লাশ হাসপাতাল মর্গে নেওয়া হয়।
রামেক হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে এর কারণ জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।