৪ বিএনপি নেতার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল, গ্রেফতারি পরোয়ানা

জাতির পিতার প্রতি কটূক্তি ও প্রধানমন্ত্রীকে হত্যার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে রাজশাহীতে বিএনপির চার নেতার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। বুধবার (৩১ মার্চ) দুপুরে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ (আমলি আদালত বোয়ালিয়া)-এ প্রতিবেদন দাখিল করেন। আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম প্রতিবেদন গ্রহণ করেন। এরপর শুনানি শেষে চার বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। একইসঙ্গে এ মামলার পরবর্তী দিন আগামী ২৬ এপ্রিল ধার্য করেন বিচারক।

এসব তথ্য নিশ্চিত করেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস।

মামলার আসামি চার নেতা হলেন– বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক সিটি মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এবং সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।

আদালতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরাজানা গেছে, গত ২ মার্চ বিএনপির বিভাগীয় সমাবেশে মিজানুর রহমান মিনু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়ায় আওয়ামী লীগের পক্ষ থেকে মামলাটি করা হয়। বিএনপির ওই সমাবেশে মামলার অন্য তিন আসামিও উপস্থিত ছিলেন। সমাবেশে মিনু আরেকটি ১৫ আগস্ট ঘটানোর ‘ইঙ্গিতপূর্ণ’ বক্তব্য দিয়েছেন উল্লেখ করে ৯ মার্চ মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করা হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলার অনুমতি দেয়। পরে ১৬ মার্চ আদালতে মামলাটি দায়ের করা হয়। সেদিন আদালত মামলার প্রাথমিক তদন্ত প্রতিবেদন ৩১ মার্চ দাখিলের জন্য রাজপাড়া থানার ওসিকে নির্দেশ দেন। নির্ধারিত দিনেই ওসি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করলেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছেন ওসি।

তদন্ত প্রতিবেদন দাখিলের সময় মামলার বাদী রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোসাব্বিরুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। পুলিশের তদন্ত প্রতিবেদনের ওপর শুনানিতে অংশ নেন বাদীর আইনজীবী আসলাম সরকার। শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আসলাম সরকার বলেন, ‘রাজপাড়া থানা ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বুধবার আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে শুনানি শেষে বিএনপির চার নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী ২৬ এপ্রিল মামলার পরবর্তী দিন ধার্য করা হয়।’

এ সময় আদালতে উপস্থিত ছিলেন– রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মামলার বাদী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন– মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, রাজপাড়া থানা আওয়ামী লীগ সভাপতি হাফিজুর রহমান বাবু, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার প্রমুখ। 

উল্লেখ্য, গত ২ মার্চ রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পচাত্তরের ১৫ আগস্ট স্মরণ করিয়ে দিয়ে প্রাণনাশের হুমকি ও বর্তমান সরকার উৎখাতে রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতির চেয়ে গত ৯ মার্চ রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পর গত ১৬ মার্চ রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে রাজপাড়া থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।