চাঁপাইয়ে নবনির্বাচিত মেয়রসহ ১৩ জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের আড্ডায় গোপন বৈঠক করার সময় ৬টি ককটেল ও লিফলেটসহ এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভার নবনির্বাচিত মেয়রসহ ১৩ জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
গ্রেফতারকৃত জামায়াত নেতা নওগাঁর নিয়ামতপুর থানার চোরাসমাসপুর গ্রামের মোহবুল হকের ছেলে মাহিদুল ইসলাম (৩২)। তিনি জামায়াতের নওগাঁ জেলার সাংগঠনিক সম্পাদক।
গোমস্তাপুর থানার ওসি গোলাম মূর্তুজা জানান, মঙ্গলবার দুপুরে জেলার ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল, সদর উপজেলা ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার জামায়াত নেতারা গোপন বৈঠক করছিলেন। এ খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য নেতারা পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়েন মাহিদুল ইসলাম। তার কাছে থেকে ৬টি ককটেলসহ নিজামীর মুক্তির লিফলেট জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃত জামায়াত নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ব্যাপারে গোমস্তাপুর থানায় জেলা জামায়াতের আমীর ও নবনির্বাচিত মেয়র মো. নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমানসহ ভোলাহাট, নাচোল ও গোমস্তাপুর উপজেলার ১৩ জামায়াত নেতার বিরুদ্ধে নাশকতা ও বিষ্ফোরক মামলা দায়ের করা হয়েছে।

/জেবি/টিএন/আপ-এআর/