পাবনায় অপহৃত স্কুল শিক্ষক উদ্ধার, গ্রেফতার ২

পাবনাপাবনায় অপহৃত স্কুল শিক্ষক বুলবুল আহমেদকে উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে পুলিশ সদর উপজেলার মাহমুদপুর থেকে তাকে উদ্ধার করে।
এর আগে মঙ্গলবার বিকালে সুধির কুমার উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক বুলবুল আহমেদ অপহৃত হন। তিনি সুজানগর উপজেলার খয়রান গ্রামের বাসিন্দা।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার মাহমুদপুর গ্রামের রিপন মিয়া (২২) ও একই গ্রামের শামিম হোসেন (২৫)।
পুলিশ জানায়, স্কুল শিক্ষক বুলবুল আহমেদ মঙ্গলবার বিকালে ইসলামী ব্যাংকের পাবনা শাখা থেকে টাকা তুলে বের হওয়ার সময় তাকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এরপর বুলবুলের পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে থানায় একটি এজহার দায়ের করা হয়।
পুলিশ রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুধবার সকালে শিক্ষক বুলবুলকে উদ্ধার করে। এ সময় গ্রেফতার করা হয় রিপন ও শামিমকে। তাদেরকে অপহরণ মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে।

/এআর/এনএস/