ধানবোঝাই ট্রাক গাছে ধাক্কা দিয়ে উল্টে হেলপার নিহত

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত ও চালক আহত হয়েছেন। ধানবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিয়ে উল্টে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। শুক্রবার (২১ মে) ভোর পৌনে ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে রাজশাহীর পবা উপজেলার নতুন কসবা গ্রামে।

রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত হেলপারের নাম ইমান আলী (৩৫)। আর আহত চালকের নাম ফায়সাল হোসেন (৩২)। দুজনেরই বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়।

ওসি মাহবুব আলম জানান, ধান নিয়ে ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পবার নতুন কসবা এলাকায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হেলপার নিহত হন। গুরুতর আহত অবস্থায় চালক ট্রাকের ভেতরে আটকে ছিলেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। নিহত ব্যক্তির মরদেহটিও উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেকের মর্গে পাঠানো হয়। এরপর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।