রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ জুলাই) ভোর ৫টার দিকে পাবনার ঈশ্বরদীর পাকশী এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম।
মেয়রের বাড়িতে মিললো অস্ত্র-মাদকসহ কোটি টাকা
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল এএসপি (ডিএসবি) রুবেল আহমেদ এবং ডিবি ইন্সপেক্টর আতিকের নেতৃত্বে পাবনা জেলার ঈশ্বরদী থানার পাকশীতে অভিযান চালায়। এসময় এক আত্মীয়ের বাসা থেকে মেয়র মুক্তার আলীকে গ্রেফতার করা হয়। এরপর মেয়রকে নিয়ে তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে তার দেখানো মতে চার বোতল ফেনসিডিল, একশ’ গ্রাম গাঁজা, নগদ এক লাখ ৩২ হাজার টাকা এবং দেশীয় অস্ত্র (চাকু) উদ্ধার করা হয়।
এরআগে, গত ৭ জুলাই তার বাড়িতে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৩ রাউন্ড গুলিসহ মাদকদ্রব্য এবং প্রায় এক কোটি টাকা উদ্ধার করেছিল রাজশাহী জেলা পুলিশ। সে সময় মেয়রের স্ত্রী ও দুই ভাতিজাকে গ্রেফতার করে পুলিশ। তখন থেকেই মেয়র পলাতক ছিলেন।
মেয়রের হাতে মারধরের শিকার শিক্ষক মনোয়ার হোসেন তার বিরুদ্ধে একটি মামলা করেন। এছাড়া অস্ত্র এবং মাদক উদ্ধারের ঘটনায় পুলিশ দুটি মামলা করেছে। আর আগে থেকেই তার বিরুদ্ধে আরও পাঁচটি মামলা আছে। সবমিলিয়ে এখন আটটি মামলার আসামি মেয়র মুক্তার।