রামেক হাসপাতালে একদিনে আরও ১৫ রোগীর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন পাঁচজন। এছাড়া করোনার উপসর্গে ভোগা আট ও করোনা পরবর্তী জটিলতায় আরও দুইজন মারা গেছেন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালটির করোনা ইউনিটে এই ১৫ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর আট, চাঁপাইনবাবগঞ্জের এক, নাটোরের দুই, নওগাঁর এক, পাবনার দুই ও কুষ্টিয়ার একজন রয়েছেন। এদের মধ্যে সাতজন পুরুষ ও আটজন নারী। যাদের সাতজনের বয়স ৬১ বছরের ওপরে।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ৪৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময় সুস্থ হয়ে ৩৪ জন হাসপাতাল ছেড়েছেন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে ৫১৩ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৪০৩ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১৯ জন। চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১৮২ জনের করোনা পজিটিভ। উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৪২ জন। এছাড়া করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় ৭৯ জন চিকিৎসাধীন আছেন।

হাসপাতালের পরিচালক আরও জানান, বৃহস্পতিবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৫২৯টি নমুনা পরীক্ষায় ১২৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ৮২ শতাংশ। যা আগের দিন বুধবার ছিল ২৩ দশমিক ৮৩ শতাংশ।