রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় সাত ও উপসর্গে চার জন মারা গেছেন। সোমবার (৯ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচ, চাঁপাইনবাবগঞ্জের এক, নাটোরের দুই, নওগাঁয় এক ও পাবনার দুই জন। সাত জন পুরুষ ও চার জন নারী। পাঁচ জনের বয়স ৬১ বছরের ওপরে। অন্যদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে দুই ও শূন্য থেকে ১০ বছর বয়সের মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৪২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৪ জন। সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ শয্যার বিপরীতে ৩৯৯ জন ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১৯ জন।
করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ২১১ জনের করোনায় আক্রান্ত। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১১৪ জন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনামুক্ত হয়ে পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন ৭৪ জন।
রামেক হাসপাতালের পরিচালক জানান, রবিবার রাতে দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৩৫৬টি নমুনা পরীক্ষা করে ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ২৫ শতাংশ। এর আগের দিন শনিবার ছিল ৩৪ দশমিক ৬৩ শতাংশ।