রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় এক ও উপসর্গে ছয় জন মারা গেছেন। বুধবার (২৫ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর তিন, নাটোরের এক, নওগাঁর দুই ও কুষ্টিয়ার একজন। একই সময়ে করোনা ইউনিটে ২৭ জন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৫ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ২০৯ জন। তাদের মধ্যে ১৭ জন আইসিইউতে।
শামীম ইয়াজদানী জানান, করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১০২ জন করোনায় আক্রান্ত। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮২ জন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনা নেগেটিভ হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন ২৫ জন।
রামেক হাসপাতালের পরিচালক জানান, মঙ্গলবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৩২৭টি নমুনা পরীক্ষা করে ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৭৪ শতাংশ। আগের দিন সোমবার ছিল ১৫ দশমিক ১৩ শতাংশ।