রামেকের করোনা ইউনিটে একদিনে ১০ জনের মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় চার, উপসর্গে চার ও করোনা পরবর্তী স্বাস্থ্য জটিলতায় দুই জন মারা গেছেন। বুধবার (০১ সেপ্টেম্বর) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর তিন, চাঁপাইনবাবগঞ্জের চার, নাটোরের দুই ও নওগাঁর একজন। রামেকের করোনা ইউনিটে আগস্ট মাসে মোট মারা গেছেন ৩৬৪ জন। আর জুলাইয়ে ৫৩১ জনের মৃত্যু হয়।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ১৯ জন ভর্তি হয়েছেন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২০ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১৪৫ জন। 

করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৭৪ জনের করোনা পজিটিভ। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪৫ জন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া করোনা নেগেটিভ হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ২৬ জন।

রামেক হাসপাতালের পরিচালক জানান, মঙ্গলবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৩৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৪৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৩ দশমিক ৪৩ শতাংশ। এর আগের দিন সোমবার ছিল ১১ দশমিক ৪৫ শতাংশ।