গোপন বৈঠক থেকে শিবিরের ২ কর্মী গ্রেফতার

রাজশাহী মহানগরীতে সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক গোপন বৈঠক করার সময় শিবিরের দুই কর্মীকে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এছাড়া পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে প্রায় অর্ধশতাধিক শিবির কর্মী পালিয়ে গেছেন। এ সময় বৈঠকস্থলে তাদের ফেলে যাওয়া তিনটি মোটরসাইকেল, দুইটি ল্যাপটপ, ৯টি মোবাইল ফোন, দেশীয় অস্ত্রশস্ত্র, হাসুয়া ও বিভিন্ন জিহাদি বইপত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ললিতাহার গ্রামের আব্দুল গফুরের ছেলে আল আমিন (২৪) ও বোয়ালিয়া মডেল থানার দেবিসিংপাড়া আম বাগানের মৃত মতিউর রহমানের ছেলে বখতিয়ার আবির (১৯)।

বুধবার (০১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৩১ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে পুলিশের একটি টিম বোয়ালিয়া থানার দেবিসিংপাড়া আমবাগান এলাকার একটি বাড়ির ভেতরে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বৈঠক থেকে তাদের গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা সরকারবিরোধী ষড়যন্ত্রে বৈঠকে কর্মীদের উদ্বুদ্ধ করছিলো বলে স্বীকার করেন। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।