রাজশাহীতে এভারেস্ট একাডেমি ও ‘এ’ ফর অ্যাডভেঞ্চারের উদ্যোগে নীলসাগর গ্রুপ স্কাই মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার তেরখাদিয়া শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে সাড়ে দশ কিলোমিটার দীর্ঘ পথে এই মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
ম্যারাথনের দৌড়বিদরা রেজিস্ট্রেশন শেষে সকাল আটটায় এতে অংশ নেন। প্রতিযোগীর সংখ্যা প্রায় আড়াইশো। সিটি হার্ট, লিলি হল, কোর্ট স্টেশন, সিটি বাইপাস মোড়, বন্ধ গেট হয়ে ফের স্টেডিয়ামে এসে প্রতিযোগীরা ম্যারাথন শেষ করেন।
এই ম্যারাথনে ৪৩ মিনিট সময় নিয়ে প্রথম হয়েছেন মো. রমিজ বিশ্বাস। এরপরের ৯টি স্থান অর্জন করেছেন যথাক্রমে মো. আহসান হাবিব, মো. উসমান গনি, আমির হোসেইন, মো. আজিজুল ইসলাম, মো. বনী ইসলাম, মো. মেহেদি হাসান, মো. আকবর হোসেন রাকিন, মো. দেলোয়ার হোসেন এবং মো. হাসিবুল ইসলাম।
মেয়েদের মধ্যে মীম তাসমিম এবং সামিয়া তাবাসসুম ম্যারাথন শেষ করেন।
প্রতিযোগিতাটির মধ্য দিয়ে এই বারোজন ২৩ জানুয়ারি বান্দরবানে অনুষ্ঠিতব্য নীলসাগর গ্রুপ আন্তর্জাতিক স্কাই ম্যারাথনে অংশ নেয়ার সুযোগ লাভ করলেন।
শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে ম্যারাথন উদ্বোধন করেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। ম্যারাথন শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন রাজশাহী সদরের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
/এআর/ এইচকে/