চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকা ডুবে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত পাঁচজন। বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পাঁকা ইউনিয়নের পদ্মা নদীর লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের খাইরুল আলমের স্ত্রী লিলিমন বেগম ও তার নাতি সিয়াম আলী।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আলী রাব্বী জানান, শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের বোগলাউড়ি ঘাট থেকে ২৫-৩০ জন যাত্রী নিয়ে পদ্মার ওপারে পাঁকা ইউনিয়নের দিকে যাত্রা করে নৌকাটি। যাওয়ার পথে লক্ষ্মীপুর এলাকায় স্রোতের কবলে পড়ে নৌকা ডুবে যায়।
স্থানীয়দের সহায়তায় এখন পর্যন্ত দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে কতজন নিখোঁজ রয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে অন্তত ৫-৬ জন নিখোঁজ রয়েছেন।
শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সিরাজ উদ্দিন জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে চেষ্টা করছি। কিন্তু নদীতে প্রচন্ড স্রোত থাকায় উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।