সোনাতলায়ও নারিকেল গাছের কাছে নৌকার পরাজয়

বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য পদ থেকে অব্যাহতি পাওয়া স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম নান্নু। নারিকেল গাছ প্রতীকে তিনি পেয়েছেন সাত হাজার ৯৬৩ ভোট। 

মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। এরপরই বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচিত মেয়রের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত শাহিদুল বারী খান রব্বানী নৌকা প্রতীকে পাঁচ হাজার ২২১ ভোট পেয়েছেন। বিএনপি প্রার্থী শাকিল রেজা বাবলা জগ প্রতীকে পেয়েছেন এক হাজার ২৮৬ ভোট।

সন্ধ্যা সাড়ে ৭টার সোনাতলা উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফ হোসেন জানান, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম নান্নু মেয়র নির্বাচিত হয়েছেন। মোট ১৪ হাজার ৪৭০ ভোট পড়েছে। যা মোট ভোটারের ৭৪ শতাংশ।

উপজেলা নির্বাচন অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে কানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকে ভোট দিতে ভোটারদের বাধ্য করার চেষ্টা করলে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দেয়। পরে প্রশাসন, র‌্যাব, বিজিবি ও পুলিশের যৌথ উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এছাড়া কোনও কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকে ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বৃদ্ধি পায়। প্রতিটি কেন্দ্রে মহিলা ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নির্বাচনে মেয়র পদ তিন, ৯ কাউন্সিলর পদে ৪০ ও তিন সংরক্ষিত (নারী) আসনে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৫২৩ জন।