চিংড়ির মাথায় জেলি, ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে চিংড়ি মাছের মাথায় জেলি পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ কারণে চার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালান ভোক্তা অধিকারের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল-মারুফ।

তিনি জানান, ওজন বৃদ্ধি করতে চিংড়ির মাথায় এক ধরনের জেলি ঢুকিয়ে দেওয়া হয়। এক ক্রেতা মাছ কিনে বাসায় যাওয়ার পর এটি দেখতে পান। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। এরপর বোয়ালিয়া থানার মাধ্যমে তারা এ খবর পান। খবর পেয়েই নগরীর সাগরপাড়া কাঁচাবাজারে গিয়ে মাছ বিক্রেতা মো. রজব ও মো. লিটনের কাছে এর সত্যতা পায়। এ সময় দুজনকে দুই হাজার করে চার হাজার টাকা জরিমানা করা হয়।

হাসান আল-মারুফ আরও জানান, এ দুই ব্যবসায়ী শালবাগান এলাকার হেলালের আড়ত থেকে মাছ কিনেছিলেন। অভিযান চালিয়ে হেলালকেও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আমচত্বর এলাকায় গিয়ে সোলেমান আলী নামের এক ব্যক্তির মাছের দোকানেও মাথায় জেলি দেওয়া চিংড়ি মাছ পাওয়া যায়। তাকেও এক হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তার দোকানে থাকা দুই কেজি ৮০০ গ্রাম মাছ জব্দ করে ধ্বংস করা হয়।