ঢাকা থেকে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। এতে দুই যাত্রী আহত হয়েছেন। সোমবার (২২ নভেম্বর) বিকাল ৪টার দিকে সিরাজগঞ্জ রেলস্টেশন অতিক্রমের পর এ ঘটনা ঘটে।
আহতরা হলেন রাজশাহী নগরীর চারখুটা নতুন হড়গ্রাম এলাকার আব্দুল করিম সোহেল ও তার স্ত্রী রেবিনা আক্তার সুমি।
আব্দুল করিম সোহেল বলেন, সোমবার দুপুর সোয়া ১টায় আমি ও আমার স্ত্রী কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বনলতা এক্সপ্রেস ট্রেনে চড়ে রাজশাহী আসছিলাম। বিকাল ৪টার দিকে সিরাজগঞ্জ রেলস্টেশন অতিক্রমের পর হঠাৎ ট্রেনে পাথর নিক্ষেপ করে কয়েকজন যুবক। এ সময় আমার স্ত্রী জানালার পাশে থাকায় পাথরের আঘাতে নাক ফেটে হয়। আমার হাতে ও কপালে পাথরের আঘাত লাগে। আমাদের চিৎকার শুনে যাত্রী ও পুলিশ এগিয়ে আসে।
তিনি বলেন, ট্রেনে প্রাথমিক চিকিৎসা দেওয়ার মতো ওষুধ কিংবা সরঞ্জামাদি নেই। এটি দুঃখজনক। এতগুলো মানুষ একসঙ্গে যাতায়াত করেন। দুর্ঘটনার কথা ভেবে হলেও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা দরকার রেল কর্তৃপক্ষের।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার আব্দুল করিম বলেন, পাথরের আঘাতে দুই যাত্রী আহত হয়েছেন। স্টেশনে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।